জমি নিয়ে বিরোধ, হামলায় আহত কৃষকের মৃত্যু

আরটিভি নিউজ

বুধবার, ০১ জানুয়ারি ২০২৫ , ০২:১৯ পিএম


জমি নিয়ে বিরোধ, হামলায় আহত কৃষকের মৃত্যু
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় এক কৃষক মারা গেছেন। ওই কৃষকের নাম জুমারত আলী মন্ডল (৪৭)। প্রায় একমাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেলেন তিনি।

বুধবার (১ জানুয়ারি) সকালে নিজ গ্রামে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মো. নাসির উদ্দিন। 

এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নিহত জুমারত আলী মন্ডল পেশায় একজন কৃষক এবং ঝাউদিয়া ইউনিয়নের মাঝপাড়া সরকারপাড়া গ্রামের ছাবদার আলী মণ্ডলের ছেলে। গত ৩ ডিসেম্বর এই গ্রামেই তিনি হামলার শিকার হন।

এ বিষয়ে ওসি মো. নাসির উদ্দিন বলেন, ৩ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে জুমারত আলী মন্ডল নিজ জমিতে চাষাবাদ করছিলেন। ওই সময় পৈত্রিক জায়গা সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাই জিয়ারত আলী, আজব আলী এবং দুই ভাতিজা কাশেম আলী ও হাশেম আলী রড-লাঠি নিয়ে জুমারত আলীর ওপর হামলা চালান। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একমাস চিকিৎসাধীন থাকাবস্থায় জুমারত আলীর মৃত্যু হয়।

ওসি নাসির উদ্দিন আরও বলেন, এ ঘটনায় জুমারত আলী মণ্ডলের ছেলে মেহেদী হাসান হত্যাচেষ্টার অভিযোগে থানায় একটি মামলা করেন। ওই মামলাটি পরবর্তীতে হত্যা মামলা হিসেবে রূপান্তর করে কোর্টে প্রেরণ করা হয়। মামলার এজাহারভুক্ত ৪ আসামির মধ্যে বর্তমানে দুই আসামি জামিনে রয়েছেন এবং দুজন কারাগারে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission