কার্যক্রম চালিয়ে যাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: হাসনাত

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ০৮ মার্চ ২০২৫ , ০৯:৩০ পিএম


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কার্যক্রম চালিয়ে যাবে: হাসনাত
ছবি: আরটিভি

গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যাবে এবং কার্যক্রম চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বিজ্ঞাপন

শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বারে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ইফতার মাহফিল শেষে এ মন্তব্য করেন তিনি। 

হাসনাত আব্দুল্লাহ বলেন, পৃথিবীতে অনেক দেশে রেভ্যুলেশন হয়েছে। তার পরবর্তীতে গণঅভ্যুত্থানের প্লাটফর্মটি থেকে গেছে। সেই হিসাবে গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে যাবে। তারা কালচারাল কার্যক্রম চালিয়ে যাবে এবং বৈষম্যের বিরুদ্ধে সবসময় আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং বিচারের দাবিতে সব সময় সোচ্চার ভূমিকা পালন করবে।

বিজ্ঞাপন

তবে, তিনি এও বলেন, সমন্বয়ক পরিচয়ে কেউ বিশেষ সুবিধা ভোগ করতে পারবে না। সমন্বয়ক পরিচয়ে কেউ আইন পরিপন্থী কাজ করতে পারবে না। কেউ এমনটা করলে বিদ্যমান আইন অনুযায়ী তার বিচার হবে। 

এনসিপির নিবন্ধন প্রসঙ্গে দলের এ নেতা বলেন, জাতীয় নাগরিক পার্টির ব্যানারে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। একটি দলের নিবন্ধন করতে হলে কিছু নিয়ম-কানুন রয়েছে। সাংগঠনিক বিস্তারের প্রয়োজন রয়েছে। আমরা প্রথমত যে বিষয়টিতে মনোযোগ দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের সাংগঠনিক বিস্তার। এর মধ্য দিয়ে গনতান্ত্রিক কার্যক্রম সম্পন্ন করতে পারব। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করছি। ইলেক্টোরাল প্রসেসের মধ্য দিয়ে আমাদের যেতে হবে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে অংশগ্রহণ করছি ভোট করে জেতার জন্যই। সেই লক্ষ্যে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি।

এসময় অন্যান্য রাজনৈতিক দলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে হাসনাত বলেন, আবার যদি কোন রাজনৈতিক দল আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় তাহলে তাদেরকে প্রতিরোধ করা হবে। আওয়ামী লীগকে তাড়িয়েছি আবার কোন ফ্যাসিবাদ ডেকে আনার জন্য নয়। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর যে অবস্থান ছিল, তা এখনো আছে। 

বিজ্ঞাপন

এর আগে, দেবিদ্বারে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এনসিপির এ নেতা। কুমিল্লা জেলা প্রতিনিধি কামাল উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাংবাদিক আবুল খায়ের, সাংবাদিক বাবুল আহমেদ প্রমুখ। 

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission