মাদারীপুরে ডাকাত সন্দেহে চারজনকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

আরটিভি নিউজ

রোববার, ১৬ মার্চ ২০২৫ , ১১:৪৭ এএম


মাদারীপুরে ডাকাত সন্দেহে চারজনকে গণপিটুনি, পুলিশে সোপর্দ
সংগৃহীত ছবি

মাদারীপুরের শিবচরে ডাকাত সন্দেহে চার ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ছুরি, চাকু উদ্ধার করা হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (১৬ মার্চ) ভোর রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চরে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন, বাগেরহাটের মোল্লারহাটের কাচনা এলাকার মৃত সিরাজ মীরের ছেলে সোহরাব মীর (২৫), নুরু মীরের ছেলে মেহেদী মীর (২৪), ভান্ডারখোলা এলাকার মৃত শাহজাহান শেখের ছেলে বশির শেখ (২৮) এবং নগরকান্দি এলাকার কবির শেখের ছেলে রাজু শেখ (২৮)।
 
স্থানীয়রা জানান, রোববার ভোরে পাঁচ্চর গোলচত্বরে একটি অ্যাম্বুলেন্স থেকে চার ব্যক্তি নামেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা নাম-পরিচয় জানতে চান। কথাবার্তায় সন্দেহ আরও বেড়ে গেলে তারা হঠাৎ ছুরি বের করে আঘাতের চেষ্টা করে। 

বিজ্ঞাপন

এ সময় আশপাশের লোকজন চিৎকার দিলে আরও মানুষ জড়ো হয়ে চারজনকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
 
স্থানীয় রাকিব নামে এক ব্যক্তি বলেন, একটি অ্যাম্বুলেন্সে করে তারা পাঁচ্চর গোলচত্বরে আসে। বাগবিতণ্ডার একপর্যায়ে ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করে। লোকজন জড়ো হওয়ায় তারা পালাতে পারেনি। তবে অ্যাম্বুলেন্সটি নিয়ে অন্যরা পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, গাড়িতে আরও ডাকাত সদস্য এবং দেশীয় অস্ত্র ছিল।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, ভোর ৪টা ২০ মিনিটের দিকে পাঁচ্চর গোলচত্বরে ডাকাতির উদ্দেশ্যে আসা সন্দেহে চারজনকে গণপিটুনি দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে। এ সময় তাদের কাছ থেকে ছুরি জব্দ করা হয়।

তিনি বলেন, পুলিশ হেফাজতে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসা দেওয়া হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission