১৫ বছর বাংলাদেশ চালিয়েছে ভারত: পিন্টু

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ , ১০:১৪ পিএম


১৫ বছর বাংলাদেশ চালিয়েছে ভারত: পিন্টু
ছবি: আরটিভি

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু বলেছেন, গত ১৫ বছর বাংলাদেশ চলেছে পাশের দেশ ভারতের কথায়। তারা বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। কারণ, বিএনপিকে ধ্বংস করলেই বাংলাদেশকে দুর্বল করা সম্ভব হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম পিন্টু বলেন, দীর্ঘ ১৭ বছর কারাগারে ছিলাম। কখনও ভাবিনি যে, আবার মুক্ত হয়ে কথা বলার সুযোগ পাব। কারাগারে থাকার সময় পাশের কক্ষ থেকে ফাঁসি কার্যকর করা হতো। তখন মনে হতো, হয়তো দুদিন পর আমারও ফাঁসি হবে।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করে বলেন, ২০২০ সালের পর থেকে আমাকে আমার পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। আমরা মুক্তি পেয়েছি, তবে সেটি পুরোপুরি মুক্তি নয়। আমাদের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে।

পিন্টু সরকারের উদ্দেশ্যে বলেন, সংস্কার করতে চাইলে করুন, তবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিন। কারণ, সংস্কার একটি প্রক্রিয়া, যা জনগণের অধিকার নিশ্চিতের মাধ্যম হওয়া উচিত।

বিজ্ঞাপন

ফলদা ইউনিয়ন বিএনপির সভাপতি হান্নান সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ জালাল তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াসসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।

আরটিভি/এএএ-টি  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission