ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া সীমান্তে পৃথক মাদকবিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা, ১১২ বোতল ইস্কফ এবং ২১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (২২ জুন) সরাইল ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত দিয়ে ভারত থেকে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ২১ জুন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন সীমান্ত ফাঁড়ি (বিওপি) পৃথক অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করে।
আলীনগর বিওপির সদস্যরা ২১ জুন সন্ধ্যা ৭টার দিকে বিজয়নগর উপজেলার নোয়াবাদী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন।
একই দিন বিকেল ৩টা ৪০ মিনিটে শ্যামনগর বিওপির টহলদল আখাউড়া উপজেলার কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে ২১ বোতল ভারতীয় মদ জব্দ করে।
এদিকে, সিংগারবিল বিওপির একটি টহলদল একই দিন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে বিজয়নগরের নোয়াবাদী এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও ১১২ বোতল ইস্কফ উদ্ধার করে। পরে রাত ১২টা ৩০ মিনিটের দিকে সিংগারবিল বিওপির আরেকটি টহলদল নলগড়িয়া এলাকায় অভিযান চালিয়ে আরও ১২ কেজি গাঁজা জব্দ করে।
বিজিবি জানায়, উদ্ধার হওয়া সব মাদকদ্রব্য মালিকবিহীন অবস্থায় পাওয়া গেছে। এগুলো ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার কার্যক্রম চলছে।
সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরটিভি/এমএইচজে




