অন্তর্বর্তী সরকারের প্রতি আগামী ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি সরকারকে সমর্থন করছে। কিন্তু নির্বাচন বিলম্বিত হলে ও জনগণ অধৈর্য হয়ে পড়লে আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে দ্বিধা করব না।
বৃহস্পতিবার (১ মে) বিকেলে মহান মে দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা শ্রমিক দল আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, একটি দল অহেতুক জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করতে নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি করছে।
তিনি আরও বলেন, তারা বিএনপির ছত্রচ্ছায়ায় রাজনীতি করলেও এখন বিএনপিকে ল্যাং মারতে সচেষ্ট।
এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, জনগণ স্থানীয় সরকার নির্বাচনের জন্য ১৫ বছর আন্দোলন বা জুলাই-আগস্টে রক্ত দেয়নি। বিএনপিকে ল্যাং মারতে গিয়ে গণতন্ত্রের ক্ষতি করলে জনগণ তা ক্ষমা করবে না। বিএনপিকে ল্যাং মারতে গিয়ে আবার নিজেদের ঠ্যাং যেন ভেঙে না যায়!
তিনি বলেন, বিএনপি শ্রমিক ও কৃষকবান্ধব রাজনৈতিক দল। দলের নেতাকর্মীরা মেহনতি মানুষের আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করে।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান নিজেকে শ্রমিক পরিচয় দিতে গর্ব করতেন উল্লেখ করে প্রিন্স আরও বলেন, সে পরিচয়ে আমরাও গর্বিত। অমরা একজন শ্রমিকের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের কর্মী। আমরাও শ্রমিক।
তিনি বলেন, বিগত ১৫ বছর হাসিনার ফ্যসিবাদবিরোধী আন্দোলনসহ জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে শ্রমজীবী মানুষের অবদান রয়েছে। গণঅভ্যুত্থানে শ্রমজীবী মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি কাজ করবে।
বিএনপির এই নেতা বলেন, জনগণের রয়ে বিএনপি সরকার পরিচালনার সুযোগ পেলে সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ শ্রমিকের অধিকার বাস্তবায়ন করবে।
জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিদুল হক মোহনের সঞ্চালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্যসচিব রোকনুজ্জামান সরকার রোকন প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশের পর একটি র্যালি ময়মনসিংহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কৃষ্ণচূড়া চত্বরে এসে শেষ হয়। পরে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরটিভি/আইএম-টি





