জামালপুরের বকশীগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে লাভলী আক্তার (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক স্বামী ওয়াহেদ আলীকে আটক করেছে থানা পুলিশ। বকশীগঞ্জ পৌর শহরের নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ।

থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নামাপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে ওয়াহেদ আলী (৬৫) ও তার স্ত্রী লাভলী আক্তারের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছে। এরই জের ধরে বুধবার ভোরে নিজ ঘরে স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে স্ত্রী লাভলীর বুকে এলোপাতাড়ি আঘাত করেন। এ সময় তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয়রা এগিয়ে এসে লাভলী আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরিস্থিতি খারাপ হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। স্ত্রীকে ছুরিকাঘাত করায় বকশীগঞ্জ থানা পুলিশ স্বামী ওয়াহেদ আলীকে আটক করেন। এ দিকে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান লাভলী আক্তার।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, ঘাতক স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা রুজু হবে।
আরটিভি/এমকে/এস




