বাস সংকট নিরসনের দাবিতে সুবিপ্রবি শিক্ষার্থীদের এক সপ্তাহের আল্টিমেটাম

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ , ০৪:৫৮ পিএম


বাস সংকট নিরসনের দাবিতে সুবিপ্রবি শিক্ষার্থীদের এক সপ্তাহের আল্টিমেটাম
ছবি: আরটিভি

বাস সংকট নিরসনের দাবিতে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) এর শিক্ষার্থীরা।  

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে শান্তিগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্রাবাসে সংবাদ সম্মেলন করে ইউজিসি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই আল্টিমেটাম দেন তারা।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের পরিবহনের জন্য ইতোমধ্যে দেড় কোটি টাকা বরাদ্দ থাকলেও ইউজিসির অনুমতি না পাওয়ার অজুহাতে তা ব্যবহার করা যাচ্ছে না। ফলে এখনও কোন বাসের ব্যবস্থা হয়নি। এতে প্রতিদিন শহরের বিভিন্ন এলাকা থেকে সিএনজি, যাত্রীবাহী বাসে চড়েই ক্লাসে আসতে হয় শিক্ষার্থীদের। এতে একদিকে যেমন সময় ও অর্থ ব্যয় বাড়ছে, অন্যদিকে যানবাহন চালকদের অপমানজনক আচরণেরও শিকার হন শিক্ষার্থী। 

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ৫ মাস আগেই বলা হয়েছিল শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করা হবে কিন্তু তা বাস্তবায়ন হয়নি। তাই আমরা আমাদের ন্যায্য অধিকার চাইছি। ক্লাসে পৌঁছতে প্রতিদিন আমাদের নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। অথচ পরিবহনের জন্য টাকা থাকলেও কর্তৃপক্ষ শুধু অনুমতির কথা বলে দায় এড়াচ্ছে। বাসের পাশাপাশি মানসম্মত আবাসিক হল ও লাইব্রেরির ব্যবস্থা করতে হবে। আগামী ১০ জুলাইয়ের মধ্যে বাসের ব্যবস্থা করা না হলে ক্লাস বর্জনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকারিয়া নাইম, সোহানুর রহমান, তাকবিল হাসান, জি এম তাইমুম, সুরভী চৌধুরীসহ অন্যান্য শিক্ষার্থীরা। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের মধ্যে মিনহাজুল মিনাল, সাব্বির হোসেন, তনুশ্রী দেব, সুদীপ্তা চৌধুরী, আশরাফ হোসেন, লাবণ্য মণ্ডল, আদিবা জামান নাফি, আব্দুর রহমান নিশাদ, রুবাইয়া বর্ষা, তাসমিম অধরা, পূজা রায়, তাসনিম জাহান, সাফিন আহমেদ ও নাহিয়ানসহ আরও অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন বলেন, বাসের দাবি নিয়ে বুধবার শিক্ষার্থীরা আমার কাছে এসেছিল। এই দাবিটি শিক্ষার্থীদের মৌলিক দাবি। অ্যাম্বুলেন্স ও পরিবহন ক্রয় করার জন্য বরাদ্দ রয়েছে কিন্ত সরকারি সিদ্ধান্তের কারণে কোন কোনকিছু ক্রয় করা সম্ভব হচ্ছে না। ভিসির গাড়ি ছাড়া বিশ্ববিদ্যালয়ের কোনো পরিবহন নেই। বিষয়টি নিয়ে আমি কয়েক বার ইউজিসি ও মন্ত্রণালয়ে কথা বলেছি। আবারও কথা বলব, তবে হল সংকট নেই। লাইব্রেরির জন্য একাধিক ভবন দেখা হয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই লাইব্রেরির সমস্যা সমাধান হয়ে যাবে।  

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission