পতিত আওয়ামী লীগের পক্ষে সাফাই ও নানা বক্তব্য দিয়ে চরমভাবে বিতর্কিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। এবার বিনয়ের সাথে তাকে থামতে বললেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ঈসরাইল মিঞা।
বুধবার (৯ জুলাই) সকালে নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে তিনি এ অনুরোধ জানান।
পাঠকের বুঝার সুবিধার্থে তার সেই পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
প্লীজ! ভাই এবার থামুন। অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে অনুরোধ করে বলছি আপনি এবার থামুন। আপনি ভালো বলতে পারেন সেটা কিশোরগঞ্জসহ দেশবাসী ভালো করেই জানেন। এটা আপনার গুণ। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা এর জন্য আপনাকে সহস্রবার স্যালুট করি। কিন্তু আপনার সাবেক দলের নেতার প্রতি দেওয়া অতিভক্তিপূর্ণ বক্তব্য এখন মানুষের সহ্যসীমা লঙ্ঘন করছে। আপনি যাকে দেবতুল্য বানাবার আপ্রাণ চেষ্টা করছেন তিনিই এই সর্বপ্রথম জাতীর সাথে চরম বিশ্বাসঘাতকতা করে চরম দুঃসময়ে সমগ্র নিরস্ত্র জাতীকে অস্ত্রের মুখে ঠেলে দিয়ে নিজের এবং পরিবারের সবাইকে সুরক্ষা করেছিলেন।
৩০ লাখ শহীদের রক্ত দুই লাখ মা বোনের সম্ভ্রমে কেনা স্বাধীনতা এবং গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় বাকশাল গঠন করেছিলেন। মানুষের ভোট এবং ভাতের অধিকার হরণ করেছিলেন। সংবাদ পত্র্রের স্বাধীনতা রহিত করেছিলেন। অন্যায়ের বিরুদ্ধে সভা সমাবেশ প্রতিবাদ প্রতিরোধের সকল পথ বন্ধ করে দিয়ে এক নেতার এক দেশ এই জুলুমের রাজত্ব কায়েম করেছিলেন।
বিশেষ করে আলেম ওলামদের বিশদগার তুচ্ছ তাচ্ছিল্য অবমাননাকর বক্তব্য দিয়ে জাতীকে হতাশ করছেন। ২৪ এর ছাত্র গণ আন্দোলনের বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান গ্রহণ করে এর নেতৃত্বকে চরমভাবে ঠাট্টা বিদ্রূপ অকথ্য গালাগাল করছেন এবং দলের অবস্থানের সাথে দূরত্ব তৈরির পথ সুগম করছেন। আমার জানামতে আমার দলের স্ট্যান্ডের বাইরে গিয়ে মনগড়া বক্তব্য দিয়ে যারা জন্মের পর থেকে বিএনপি এবং এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে আসছেন সেই ভোট ব্যাংকে চরম আঘাত এবং ফাটল ধরানোর চেষ্টা করছেন।
বিএনপির দায়িত্বশীল কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে অনতিবিলম্বে ফজলুর রহমানের সাম্প্রতিক রাজনৈতিক ভূমিকা এবং বক্তব্যের বিষয়ে একটা সুস্পষ্ট সিদ্ধান্তে আসা উচিৎ বলে আমিসহ আমার মতো লাখো কোটি নেতাকর্মী সমর্থক মনে করে। অন্যথায় অনাকাঙ্ক্ষিত বড় ধরনের ভোট বিপর্যয় আমাদের জন্য অপেক্ষা করছে এতে কোন সন্দেহ নেই। সময় থাকতেই সাবধান হওয়া উচিত বলে মনে করছি বিধায় এই লেখার অবতারণা। আমরা মুক্তিযুদ্ধ বিরোধী গণতন্ত্রবিরোধী ধর্মবিরোধী এবং অতি সম্প্রতি সংগঠিত ২৪ এর ছাত্র গণ আন্দোলনের বিরোধী শক্তি নই। সবকিছুর সমন্বয়েই আগামীর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি এবং তা বাস্তবায়নেরও জন্য আমাদের রাজনৈতিক নির্ভরতার প্রতীক দেশমাতা বেগম খালেদা জিয়ার নির্দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ওপর শতভাগ আস্থাশীল হয়ে রাজপথে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ।
আরটিভি/এফএ/এস




