বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, ঢাকার মিটফোর্ড হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত। ব্যবসা নিয়ে এই দ্বন্দ্ব। যিনি নিহত হয়েছেন তিনিও বিএনপি করেন। কিন্তু একটি দলের মায়ের চেয়ে মাসির দরদ বেশী দেখা যাচ্ছে। এখন থলের বিড়াল বেড়িয়ে আসছে। কারা এর সঙ্গে জড়িত এবং কারা কারা এই কাজে ইন্ধন জুগিয়েছে সব বেড়িয়ে আসছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সোমবার (১৪ জুলাই) বিকেলে রাজশাহীর হড়গ্রাম ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এডভোকেট শফিকুল হক মিলন বলেন, তারা বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যুবদলকে নিয়ে বাজে শ্লোগান দিয়েছে এবং যে কাণ্ড ঘটিয়েছে তার দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে। বিএনপি যেমন অন্যায়কে প্রশ্রয় দেয় না, তেমনি কেউ অন্যায় বলে যাবে এটা সহ্য করবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। সেইসাথে এই সকল লেজুরবৃত্তি দলের সকল ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের আবারও মাঠে নামার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা, উন্নয়নের রুপকার, বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে একনায়কতন্ত্র বিলোপ ও গণতন্ত্র পূনরুদ্ধারে প্রথম সংস্কার কাজ শুরু করেছিলেন। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সে সময়ে দেশের অবস্থা অনেকটাই এরকম ছিলো। কারণ ওই সময়ে দেশের মানুষ রাগে ক্ষোভে আওয়ামী লীগকে বিতারিত করেছিলেন।
শফিকুল হক মিলন বলেন, একই অবস্থা করেছিলেন গণতন্ত্র ধ্বংসকারী শেখ মুজিবুর রহমানের পৃথিবীর বুকে সব থেকে খারাপ ও ক্ষমতালোভি ফ্যাসিস্ট কন্যা শেখ হাসিনা। তিনি সম্পূর্ণ অন্যায় ও অবৈধ এবং মিথ্যার উপরে ভর করে দেশ চালিয়ে ছিলেন। তার পালানোর আগে থেকেই তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য দফা দিয়েছিলেন। সেই দফা তিনি পর্যায়ক্রমে বাড়িয়ে এখন ৩১দফায় নিয়ে এসেছেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, গত কয়েকদিন পূর্বে ঢাকায় একটি অত্যন্ত খারাপ ও নির্মম ঘটনা ঘটেছে। যা একটি সভ্য দেশে হতে পারে না। এটা নিয়ে বিএনপি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। কারণ বিএনপি কখনো সন্ত্রাসকে প্রশ্রয় দেয়না বলে উল্লেখ করেন তিনি।
পরে নেতাদের নিয়ে জনগণের মধ্যে ৩১দফা লিফলেট বিতরণ করেন এডভোকেট শফিকুল হক মিলন। এ সময় ৫নং হড়গ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাবেক মেম্বর ইউসুফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, ৫নং ওয়ার্ড হড়গ্রাম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আরটিভি/কেএইচ




