আরটিভিতে সংবাদ প্রচারের পর হারিয়ে যাওয়া মাকে খুঁজে পেলেন সন্তানরা। মা ও ছোট দুই ভাইকে নিয়ে ইব্রাহিম সংসারের হাল ধরার চেষ্টা করছিলেন কিন্তু ২ বছর আগে হঠাৎ মা ফাতেমা বেগম মানসিক ভারসাম্যহীন হয়ে পড়লে স্বপ্ন ভঙ্গ হতে শুরু করে ইব্রাহিমের।
সর্বশেষ ১০ জুন ভারসাম্যহীন মা হারিয়ে গেলে মায়ের ছবি নিয়ে পথে পথে ঘুরতে শুরু করেন ইব্রাহিম রহমান। মাকে খুঁজে পেতে করেছেন মাইকিং। চেয়েছেন থানা পুলিশের সহায়তা। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বাজারে মায়ের ছবি নিয়ে নিজেই খোজ করছেন ইব্রাহিম। সর্বশেষ আরটিভি সংবাদ ভাইরাল হলে মায়ের সন্ধান পান সন্তানরা।
ঝিনাইদহ সদর উপজেলার করাতিপাড়া গ্রামের মৃত উয়াদুদুর রহমানের ছেলে ইব্রাহিম রহমান ভারসাম্যহীন মা ফাতেমা বেগমের খোঁজে প্রতিদিন বাড়ি থেকে বের হন। প্রায় ২ সপ্তাহ ধরে ঝিনাইদহের বিভিন্ন বাজারে নানা জনের কাছে মায়ের ছবি দেখিয়ে সহায়তা চায়েছেন ইব্রাহিম রহমান।
সর্বশেষ ৬ জুন আরটিভিতে সংবাদ প্রচার হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে সর্বত্র দেশজুড়ে। মাগুরা সদরউপজেলা ওয়াপদা বাজারে পথে পথে ঘুরছিলেন মা। এ সময় এলাকাবাসী নজরে আসে আরটিভি সংবাদটি। ছবি সঙ্গে মিলিয়ে দেখেন হারিয়ে যাওয়া মা-ই তিনি। তখন এলাকাবাসী তার পরিবারের নিকট ফোন করে জানান। তারা ছুটে যান মাগুরা ওয়াপদাবাজারে। এ সময় এলাকাবাসী পরিবারের নিকট ফিরিয়ে দেন মাকে।
প্রতিবেশী রাসেল আহমেদ বলেন, আরটিভি সংবাদ দেখে তাকে খুঁজে পাওয়া যায়।
গ্রামবাসী রফিক বলেন, সকাল থেকে সন্ধ্যায় পর্যন্ত মাকে খোঁজার জন্য বের হতেন ইব্রাহিম রহমান।
ইব্রাহিম রহমান বলেন, মা ছাড়া আমার কেউ নেই। আরটিভি সংবাদ প্রচারের পর মাকে খুঁজে পাওয়া সম্ভব হয়েছে। তাই আরটিভিকে ধন্যবাদ আমরা মাকে পেয়ে অনেক খুশি হয়েছি।
আরটিভি/এমএ




