সিলেটের ওসমানীনগর উপজেলার দৌলতপুর এলাকায় বুড়ি নদীর ওপর নির্মাণাধীন একটি সেতুর কাজ অসমাপ্ত রেখেই উধাও হয়ে গেছেন ঠিকাদার। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। নির্ধারিত সময় পার হয়ে গেলেও কাজ শেষ না হওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে এলাকাবাসীর মধ্যে।
জানা যায়, উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের দৌলতপুর এলাকায় এই সেতুটি নির্মাণ করা হচ্ছে। ইউনিয়নের বহুদিনের দাবির পর ২০২৩-২৪ অর্থবছরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের অধীনে সেতু নির্মাণ প্রকল্পটি অনুমোদন পায়। প্রায় ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় আয়ান এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
প্রকল্পের আওতায় গত বছর সেতুর পাইলিংয়ের কাজ শেষ হয়। চলতি বছর মূল সেতু নির্মাণের জন্য দুই পাশে কাঠামো তৈরি করার পর কাজ বন্ধ করে দেন ঠিকাদার। এরপর মালপত্র সরিয়ে নিয়ে সাইট ত্যাগ করেন তিনি।
কাজ শুরুর পর মোট বরাদ্দের ৪০ শতাংশ অর্থ উত্তোলন করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রাজিব। এরপর থেকে তার সঙ্গে আর কেউ যোগাযোগ করতে পারছেন না। একাধিক মোবাইল নম্বর চালু থাকলেও কোনোটিতেই সাড়া মিলছে না।
পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন বলেন, সেতুর কাজ শেষ না হওয়ায় দৌলতপুরসহ আশপাশের এলাকার মানুষ চরম দুর্ভোগে আছেন। এত দিনের চাওয়া এভাবে থেমে যাওয়ায় সবাই হতাশ।
এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী রাজিবের মোবাইল ফোন নাম্বারে একাধিকবার কল করেও সাড়া মেলেনি।
ওসমানীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান বলেন, ঠিকাদারের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। পরে আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
আরটিভি/এএএ/এআর
