পরিবারতন্ত্র-মাফিয়াতন্ত্র ভেঙে গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত হবে: নাহিদ

আরটিভি নিউজ

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ০৯:২৫ পিএম


পরিবারতন্ত্র-মাফিয়াতন্ত্র ভেঙে গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত হবে: নাহিদ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই রাষ্ট্রব্যবস্থার সবচেয়ে নির্মম চিত্র নারায়ণগঞ্জ শহর, যেখানে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র ও গডফাদারতন্ত্র মিলেমিশে একাকার। একাধিক পরিবার বছরের পর বছর ধরে এই শহরের রাজনীতি, অর্থনীতি ও ব্যবসা কুক্ষিগত করে রেখেছে। এই ব্যবস্থা ভেঙে ফেলতেই আমাদের আন্দোলন।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের চাষাড়া মোড়ে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, নারায়ণগঞ্জের জনগণের ওপর বছরের পর বছর ধরে দখল, চাঁদাবাজি ও সন্ত্রাস চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা সেই পুরোনো খেলায় আর অংশ নেব না। গণঅভ্যুত্থানে আমরা রক্ত দিয়েছি। এখন সময় এসেছে খেলার নিয়ম বদলানোর। কিন্তু দুঃখজনকভাবে সেই নিয়ম আজও বদলায়নি। এখনও নারায়ণগঞ্জে খেলা চলছে।

আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পর নারায়ণগঞ্জে একের পর এক খুন হয়েছে। শহীদ পরিবারগুলোর বাসায় গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। মামলার বাদীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র এবং ব্যবসায়িক দখলদারিত্ব আবারও পুনর্বাসিত হচ্ছে নারায়ণগঞ্জে। আমাদের নারী কর্মীদের বাসায় পর্যন্ত গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু আমরা কখনও হুমকিতে ভয় পাইনি, এবারও পাব না।

তিনি বলেন,  গতকাল (বৃহস্পতিবার) রাতে নারায়ণগঞ্জে জুলাই পদযাত্রার তোরণ পুড়িয়ে দেওয়া হয়েছে। সন্ত্রাসীরা আজকের গণজোয়ার বন্ধ করতে এই ঘটনা ঘটিয়েছে। জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জবাসী বুকের রক্ত দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল। এই নারায়ণগঞ্জকে রক্ষা করেছিল। এদিকে নারায়ণগঞ্জ ওইদিকে সাভার আশুলিয়ায় প্রতিরোধ তৈরি হয়েছিল বলেই ঢাকার মানুষ রাজপথে নেমে আসতে পেরেছিল। তাই আমরা নারায়ণগঞ্জকে শ্রদ্ধা করি। গণঅভ্যুত্থানের ইতিহাসে এই নারায়ণগঞ্জের নাম স্বর্ণাক্ষরে লিখা থাকবে।

এসময় এনসিপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম-সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission