গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর বিভাজনের কারণে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, এবার যদি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন না হয়, তাহলে আবার তিন দশকেও হবে না।
সোমবার (১১ আগস্ট) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের ‘দাসত্ব নয় মুক্তি’ শিক্ষার্থীদের জন্য ভাবনায় ছাত্র সংসদ বিষয়ক এক মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর হল কমিটি প্রণয়ন প্রসঙ্গে নুরু বলেন, আমরা হলপর্যায়ে রাজনীতি চাই না, তবে ক্যাম্পাসে রাজনীতির চর্চা থাকুক—সেটি ছাত্রসংগঠনগুলোর বোঝাপড়ার মাধ্যমে হওয়া উচিত।
জাতীয় নির্বাচন বিষয়ে তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কি না, তা নিয়ে আমার সংশয় আছে। কারণ, নির্বাচনের আগে দেশি-বিদেশি প্রেক্ষাপট ও রাজনৈতিক দলগুলো গণ-অভ্যুত্থানের পক্ষে থাকার দাবি করলেও তাদের মধ্যে বিভাজন চরমে পৌঁছেছে। এই বিভাজনের কারণে নির্বাচন বাস্তবায়ন নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
ঐকমত্য কমিশনের আলোচিত বিষয় পিআর পদ্ধতি নিয়ে নুর বলেন, বিএনপির এ বিষয়ে দ্বিমত রয়েছে। পদ্ধতিটি পাস হয়েছে ঠিকই, কিন্তু নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে। বাংলাদেশে এটি কার্যকর হলে সংসদ বারবার ভেঙে দেওয়া হতে পারে। এটি কার্যকর হবে কি না, তা নির্ভর করবে আগামীতে যারা সরকার গঠন করবে, তাদের ওপর।
আলোচনা সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং ছাত্র উপদেষ্টা সহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আরটিভি/এমএ




