কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় পূবালী চত্বরে অনুষ্ঠিত সমাবেশে জেলার ১৭টি উপজেলা থেকে দলে দলে মানুষ যোগ দেন। ‘কুমিল্লা নামেই বিভাগ চাই’ এ দাবিতে অংশগ্রহণকারীরা নানা স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন।
বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটরস অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজিত এই মহাসমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি টিপু চৌধুরী। সমাবেশে বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা। হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক গৌরবে ভরপুর এই কুমিল্লা বাংলাদেশের অন্যতম প্রাচীন নগরী। কিন্তু কুমিল্লা বিভাগ ঘোষণার দ্বারপ্রান্তে গেলেই নানা মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়।
তারা আরও বলেন, নোয়াখালীসহ বৃহত্তর কুমিল্লার ছয়টি জেলার বিভিন্ন দপ্তরের ৪২টি আঞ্চলিক কার্যালয় কুমিল্লায় অবস্থিত। তাই প্রশাসনিক কাঠামো অনুযায়ী কুমিল্লা বিভাগ গঠনের সব শর্তই পূরণ হয়েছে। কুমিল্লা নামেই বিভাগ দিতে হবে -এটি কুমিল্লাবাসীর ন্যায্য দাবি।
সমাবেশে বক্তারা আরও জানান, বিভাগীয় কার্যক্রম পরিচালনার সব ধরনের সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও রাজনৈতিক ও আমলাতান্ত্রিক জটিলতায় বারবার কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পিছিয়ে যাচ্ছে।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এবারও যদি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন না হয়, তাহলে বৃহত্তর পরিসরে কর্মসূচি ঘোষণা করা হবে।
বক্তারা আরও জানান, যেসব জেলা কুমিল্লা বিভাগের সঙ্গে থাকতে চায় না, তাদের বাদ দিয়েও কুমিল্লা বিভাগ গঠন সম্ভব। বিভাগ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন রাজপথে চলবে।
আরটিভি/একে




