মানিকগঞ্জে স্কুলবাসে অগ্নিসংযোগ, দগ্ধ চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ), আরটিভি নিউজ

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ , ১২:১৮ পিএম


মানিকগঞ্জে স্কুলবাসে অগ্নিসংযোগ, দগ্ধ চালকের মৃত্যু

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ চালক পারভেজ খান (৪৫) মারা গেছেন। 

বিজ্ঞাপন

সোমবার (১৭ নভেম্বর) সকাল পৌনে নয়টার দিকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

শিবালয় থানা-পুলিশ এবং মামলার এজাহার সূত্রে জানা গেছে, জেলা শহরে দ্য হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বাসে করে স্কুলে আনা-নেওয়া করা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মহাসড়কের পাশে উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় ফুটওভার সেতুর নিচে বাসটি পার্কিং করে রাখা হয়। পাহারার জন্য বাসের চালক পারভেজ বাসের ভেতরে ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক পারভেজ গুরুতর দগ্ধ হন।

বিজ্ঞাপন

খবর পেয়ে বরঙ্গাইল হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে জেলা সদরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে উন্নত চিকিৎসার জন্য চালককে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়। এ ঘটনায় বাসের মালিক মো. আশরাফুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেছেন।

আরও পড়ুন

বাসচালকের ছেলে সুমন খান বলেন, অগ্নিদগ্ধ হওয়ার পর তার বাবাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দুই দিন তার বাবার সিসিইউতে চিকিৎসা চলে। গত শনিবার দুপুর ১২টার দিকে তাঁর বাবাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আজ সোমবার সকাল পৌনে নয়টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা পারভেজের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, দগ্ধ বাসচালক মারা গেছেন বলে তিনি জেনেছেন। এর আগে এ মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission