শরীয়তপুরের জাজিরা উপজেলায় ইফতারের আগে দুই বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন আকাশ সরদার (৩০) ও ইউনুস মোল্লা (৪০)। তারা দুজনই গোপালগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসস্ট্যান্ড এলাকায় খান পরিবহনের একটি বাস যাত্রী নামানোর সময় পেছন দিক থেকে আসা স্টার এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে একটি বাসের পেছনের অংশ এবং অপরটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষের সময় দুই বাসের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন আকাশ সরদার ও ইউনুস মোল্লা।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনাস্থলেই আকাশ সরদারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ইউনুস মোল্লা মারা যান। দুর্ঘটনায় আহত অন্তত ১০ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পদ্মা সেতু দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) হোসেন জানান, যাত্রী নামানোর সময় পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরটিভি/এসকে





