গ্রামীণ ব্যাংক মাগুরার মহম্মদপুর শাখা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর রাতে আনুমানিক সাড়ে ৩টার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয়ে আগুনের সূত্রপাত ঘটে। ধোঁয়া ও পোড়া গন্ধ পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পাওয়া মাত্রই স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ সময় ব্যাংকের ভেতরে একজন ব্যাংক কর্মকর্তাও ঘুমিয়ে ছিলেন।
অগ্নিকাণ্ডের উৎস কী জানা যায়নি। তবে উৎস ও কতটুকু ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত করা যাবে। ফায়ার সার্ভিসের একটা টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান ফায়ার সার্ভিসের সাব কর্মকর্তা বিল্লাল হোসেন মৃধা।
গ্রামীণ ব্যাংক শাখা ম্যানেজার সোহানা সুলতানা জানান, রাত সাড়ে তিনটার দিকে জানালা দিয়ে কে বা কারা পেট্রোল ঢেলে আগুন দেয়। এতে অফিসের কিছু প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে যায়। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান জানান, গ্রামীণ ব্যাংকে আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের উপস্থিতিতেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ব্যাংকে কী পরিমাণ ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি যায়নি। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ বের করা করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/এফএ




