ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ারদের কক্ষের মূল ফটকে তালা ঝুলিয়ে ভেতরে বসেই কাজ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। এতে প্রতিদিন শত শত সেবা গ্রহীতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের গুরুত্ব বেড়ে যাওয়ায় মানুষের চাপও বৃদ্ধি পেয়েছে। কিন্তু অফিসে ঢুকতে না পেরে তারা জানালা দিয়েই জমা দিচ্ছেন প্রয়োজনীয় কাগজপত্র।
সরেজমিনে দেখা যায়, কক্ষের দরজার দুই পাশে ‘বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ’ সাইনবোর্ড টাঙানো। ফটক দিয়ে কেবল অনুমতিপ্রাপ্তদের প্রবেশাধিকার থাকলেও সাধারণ সেবা গ্রহীতারা জানালার পাশে লাইনে দাঁড়িয়ে কাজ সারছেন। কাগজ গ্রহণকারীদের একজন মহরার শফিকুল ইসলাম জানালেন, বিদায়ী জেলা প্রশাসক মফিদুল ইসলামের নির্দেশেই দরজা তালাবদ্ধ রাখা হচ্ছে।
সেবা নিতে আসা বহু মানুষ অভিযোগ করে বলেন, বিদায়ী ডিসির এমন সিদ্ধান্তে দফতরে স্থায়ী ভোগান্তি তৈরি হয়েছে। এমনকি এই অমানবিক অবস্থা বন্ধের দাবিতে একদফা অনশনও করেছিলেন সেবা গ্রহীতারা। সে সময় পরিবর্তনের আশ্বাস দিলেও বাস্তবে কিছুই হয়নি, বরং সংশ্লিষ্ট ডিসি বদলি হয়ে গেছেন।
ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মুনমুন নাহার আশা জানান, বিদায়ী ডিসির নির্দেশেই অফিস কক্ষে তালা দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থেও এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে দায়িত্ব গ্রহণকারী নতুন জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, তালা দেয়া মানে সেবাপ্রত্যাশীদের ফিরিয়ে দেয়া নয়। জানালা দিয়ে তাদের প্রয়োজনীয় সেবা দেয়া হয়। তবুও আমরা সেবাপ্রত্যাশীদের সঙ্গে কথা বলে দেখব।
আরটিভি/এএএ





