কুড়িগ্রামের নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত গাড়িচালক জাহিদ আহমেদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ফায়ার সার্ভিস স্টেশনের পাশে তার ভাড়া বাসার বারান্দায় ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্ত্রী। পরে খবর পেয়ে নাগেশ্বরী থানার পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ফায়ার ফাইটার জাহিদ রংপুরের কাউনিয়া থানার মোহাম্মদ আলী শহীদের ছেলে। তিনি নাগেশ্বরীতে স্ত্রী সন্তান নিয়ে শামসুল হক ব্যাপারীর বাড়িতে দুই বছর থেকে ভাড়া থাকতো।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কাজ শেষে বাসায় গিয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
বাড়ির মালিক শামসুল হক জানান, সকালে তার স্ত্রী ৬ বছরের কন্যা সন্তানকে নিয়ে স্কুলে যায়। সেসময় জাহিদও ডিউটি করতে বের হয়। পরে দুপুরে তার স্ত্রী ফিরে দেখেন কক্ষের দরজার সামনে বারান্দার চালের কাঠের সঙ্গে রশি লাগিয়ে ফাঁস নিয়েছে জাহিদ।
পরিবার জানায়, জাহিদ ১০-১২ লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছিলো। হতাশা থেকে হয়তো আত্মহত্যার পথ বেছে নেন তিনি।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
আরটিভি/এএএ





