সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের ঢাকা–বগুড়া মহাসড়কে একটি পণ্যবাহী পিকআপ ভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৭টার দিকে কামারখন্দের বালুকুল এলাকায় বগুড়ামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ফলে গাড়িতে থাকা বাড়ির ফার্নিচার ও বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিসের তথ্যানুসারে, খবর পেয়ে কামারখন্দ স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১৫ থেকে ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দারা জানান, পিকআপ ভ্যানটিতে হঠাৎ আগুন দেখে তারা এগিয়ে যান। তবে এ সময় চালক দ্রুত গাড়ি থেকে নেমে নিরাপদে সরে যান। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ শেষ করে।
রাত ৯টার দিকে ফায়ার ফাইটার মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন কীভাবে লেগেছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে গাড়ির ভেতরে বাড়ির ফার্নিচার ও বিভিন্ন আসবাবপত্র ছিল। চালককে সেখানে পাওয়া যায়নি।
যমুনা সেতুর পশ্চিম থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাখাওয়াত হোসেন জানিয়েছেন, গাড়িটি এখন থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যাটারি বা যান্ত্রিক ত্রুটি থেকে আগুন লাগতে পারে। ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।
আরটিভি/এআর




