খালেদা জিয়ার সুস্থতা গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশার প্রতীক: রহমাতুল্লাহ

আরটিভি নিউজ  

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ , ০৪:৫১ এএম


খালেদা জিয়ার সুস্থতা গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশার প্রতীক: রহমাতুল্লাহ
ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা আজ শুধু বিএনপি নয়, দেশের গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষার প্রতীক।

বিজ্ঞাপন

তিনি বলেন, তার দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং নারী নেতৃত্ব শক্তিশালীকরণে বেগম জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর মেট্রো লাউঞ্জে ‘২৪ জুলাই যোদ্ধা আন্দোলন’-এর আয়োজনে বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

রহমাতুল্লাহ বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম জিয়া আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। সশস্ত্র বাহিনী দিবসে তাকে হাস্যোজ্জ্বল দেখা গেলেও বাস্তবিক অর্থে তার শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল এবং দীর্ঘদিন ধরে উপযুক্ত চিকিৎসা থেকে বঞ্চিত। রাজনৈতিক বিদ্বেষের কারণেই তার বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র চলেছে এবং সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর নেতৃত্বশূন্যতার মুহূর্তে বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব কাঁধে তুলে নেন। ১৯৮৬ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে, ১৯৯১ সালের নির্বাচনে নেতৃত্ব গ্রহণে এবং পরবর্তী সময়ে রাজনৈতিক সংকট মোকাবিলায় তিনি দৃঢ়তার পরিচয় দেন। এরশাদবিরোধী আন্দোলনে তার আপসহীন ভূমিকা এবং পরবর্তী সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত।

বিজ্ঞাপন

রহমাতুল্লাহ বলেন, ২০০৮ সালের পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন মামলার মাধ্যমে তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিদেশে চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও বেগম জিয়া দেশ ত্যাগ না করে জনগণের অধিকার ও গণতন্ত্রের আন্দোলনকে অগ্রাধিকার দিয়েছেন।

আরও পড়ুন

তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র, জনগণের চেতনা এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এক সূত্রে গাঁথা। গণতন্ত্রের সংকটাপন্ন সময়ে তিনি সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, আর আজ তার সুস্থতা দেশের রাজনৈতিক ভবিষ্যতের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।

২৪ জুলাই যোদ্ধা আন্দোলনের আহ্বায়ক মো. রেজাউল কবির রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে ড্যাবের সহ-সভাপতি ডা. মো. শহীদুল ইসলাম, অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ, ব্যবসায়ী সহিদুজ্জামান, শেরেবাংলা নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজালাল, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শামীম, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লা, বাকেরগঞ্জ যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission