ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের পটুয়াখালীর বাউফল উপজেলার বাড়িটি বর্তমানে ফাঁকা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ফয়সাল করিম মাসুদের স্থায়ী ঠিকানা বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড, কেশবপুর কলেজ সংলগ্ন এলাকায়। তার বাবার নাম হুমায়ুন কবির। তবে বর্তমানে তিনি ঢাকার আদাবর থানাধীন পিস কালচার হাউজিং সোসাইটিতে বসবাস করেন। ফয়সালের বিরুদ্ধে আদাবর থানায় মামলা রয়েছে।
ফয়সাল করিম মাসুদ রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। এর আগে, গত মাসে আদাবরে একটি স্কুলে প্রবেশ করে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় তিনি গ্রেপ্তার হন। তবে এক মাসেরও কম সময়ের মধ্যে জামিনে মুক্তি পান।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ফয়সালের পরিবার বহু বছর আগেই ওই এলাকা ছেড়ে ঢাকায় চলে গেছে। স্থানীয় এক বাসিন্দা জানান, তারা অন্তত ৫০ বছর আগে এলাকা ছাড়ে। ফয়সালকে আমরা কখনো এলাকায় দেখিনি। প্রায় ১০–১২ বছর আগে তার বাবা পুরোনো বসতঘরটিও বিক্রি করে দেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, স্থায়ী ঠিকানা হিসেবে কেশবপুর এলাকায় খোঁজ নিয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। পরিবারটি অনেক আগেই এলাকা ছেড়ে চলে গেছে। তারপরও আমরা বিষয়টি নজরদারিতে রেখেছি।
পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাউফলসহ সংশ্লিষ্ট এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে, ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের পরিবারের কেউ বর্তমানে ওই বাড়িতে বসবাস করছেন না। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় এলাকায় বাড়তি নজরদারি রাখা হয়েছে। তার উপস্থিতি পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এসকে




