দেখা মিলল বিরল প্রজাতির হিমালয় গৃধিনী শকুনের

আরটিভি নিউজ

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ০৫:৩৮ পিএম


দেখা মিলল বিরল প্রজাতির হিমালয় গৃধিনী শকুন
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ পৌর শহর থেকে বিরল হিমালয় গৃধিনী প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস। 

বিজ্ঞাপন

শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে পৌর শহরের আমলাপাড়া মহল্লার পাপ্পু সেখের বাড়ি থেকে শকুনটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

স্থানীয় পাপ্পু সেখ জানান, বিরল প্রজাতির এ শকুনটি উড়তে না পেরে মাটিতে পড়ে যায়। এ সময় যমুনা নদীর চরাঞ্চলের কিছু যুবক অসুস্থ অবস্থায় শকুনটি ধরে আটকে রাখেন। বিষয়টি জানতে পেরে তিনি বাড়িতে নিয়ে আসেন। তিনদিন প্রাথমিক চিকিৎসা শেষে দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাসকে খবর দেন। পরবর্তীতে মামুন ও তার লোকজন পাপ্পুর বাড়িতে গিয়ে শকুনটি উদ্ধার করে নিয়ে যান।

বিজ্ঞাপন

রোববার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ডানায় ভর করে দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে ক্লান্ত শকুনটি মাটিতে পড়ে গিয়েছিল। বিরল প্রজাতির এই শকুনের নাম (হিমালয় গৃধিনী)। আমি উদ্ধার করে খাবার ও ওষুধ খাওয়াচ্ছি। বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) উপদেষ্টা মোল্লা রেজাউল করিম ও বন্যপ্রাণী ব্যবস্থাপনাও প্রকৃতি সংরক্ষণ রাজশাহী বিভাগীয় অফিসের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তারা যেখানে শকুনটি পাঠানোর নির্দেশ দেবেন, আমরা সেখানেই হস্তান্তর করব।

বিজ্ঞাপন

এ বিষয়ে বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, হিমালয়ী শকুন (Himalayan Griffon) বা হিমালয়ান গৃধিনী প্রজাতির শকুন সাধারণত হিমালয় পার্বত্য এলাকায় বাস করে। প্রতিবছর শীতের এই সময়ে বাংলাদেশে পরিযায়ন করে। পরিযায়নের পথে শকুনটি অসুস্থ হয়ে পড়ে গিয়ে থাকতে পারে। 

তিনি বলেন, পৃথিবীতে দ্রুততম বিলুপ্ত হতে চলা প্রাণী শকুন। তাই শকুনমাত্রই বিশ্বে ‘মহাবিপন্ন (Critically Endangered)’। বাংলাদেশে শকুনের পরিস্থিতি খুবই খারাপ। সর্বশেষ হিসেব অনুযায়ী বাংলাদেশে মাত্র ২৬০টি শকুন রয়েছে।

তিনি আরও বলেন, পশু চিকিৎসায় ডাইক্লোফেনাক ও কেটোপ্রোফেনের ব্যবহার, খাদ্য সংকট এবং বাসস্থান সংকটসহ নানা প্রতিকূল পরিবেশের কারণে প্রকৃতির ঝাড়ুদার হিসেবে পরিচিত এই পাখিটি হারিয়ে যাচ্ছে। শকুন বিলুপ্ত হয়ে গেলে সুন্দর একটি পাখি হারানো পাশাপাশি দেশের মানুষ অ্যানথ্রাক্স, জলাতঙ্কসহ পশু হতে সংক্রামক রোগের ভয়াবহ ঝুঁকিতে পড়বে। বন বিভাগসহ আইইউসিএন শকুন রক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। পাখিটির প্রতি আমাদের সদয় হওয়া খুবই প্রয়োজন।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission