বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়া দেশের মানুষকে এতটা ভালোবাসেন যে বিগত স্বৈরাচার সরকারের আমলে এত নির্যাতনের পরেও তিনি জনগণের পক্ষে ও বাংলাদেশের পক্ষে অবিচল ছিলেন। তিনি দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছিলেন। তার বিরুদ্ধে কোনো অন্যায়-অপকর্মের নজির ছিল না।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার খাস কাকুয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্থানীয় বিএনপি আয়োজিত বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া লড়াই করেছেন। তার এই চলে যাওয়া শুন্যস্থান পূরণ হবার নয়। আল্লাহপাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এই কামনা করি।
এ সময় জেলা যুবদলের সাবেক সভাপতি খন্দকার আহমেদুল হক শাতিল, সদর উপজেলা বিএনপি সভাপতি আজগর আলী, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, কাকুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জয়নুল আবেদীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরটিভি/এএএ




