মাগুরায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে আকিদুল ইসলাম খুদে (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) ভোরে মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের উথলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আকিদুল ইসলাম খুদে ওই এলাকার কাঞ্চনপুর ফকিরপাড়া গ্রামের শহর আলীর ছেলে। স্বজনদের দাবি, তিনি পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। তার পরিবারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
নিহতের স্ত্রী হাফিজা বেগম জানান, আকিদুল ব্যবসায়িক উদ্দেশ্যে কাঁচামাল নিয়ে ঢাকায় গিয়েছিলেন। মঙ্গলবার রাতে ঢাকা থেকে রওনা হয়ে মধ্যরাতে সদর উপজেলার ইছাখাদা বাজারে বাস থেকে নামেন। এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে উথলি গ্রামে পৌঁছালে স্থানীয়রা তাকে গরু চোর সন্দেহে আটক করে। পরে তাকে একটি কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করা হয়। ভোর ৪টার দিকে পরিবারের লোকজনকে খবর দেওয়া হলে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাফিজা বেগম অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে আমার স্বামীকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। আমি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
মাগুরা সদর থানার ওসি আশিকুর রহমান বলেন, ভোর ৬টার দিকে খবর পেয়ে পুলিশ হাজিপুর বাজার এলাকা থেকে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তির বিরুদ্ধে এলাকায় গরু চুরিসহ বিভিন্ন অভিযোগ ছিল এবং তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।
ওসি জানান, ঘটনার সময় ওই স্থান থেকে একটি গরু উদ্ধার করা হয়। পরে সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের মালন্দ গ্রামের এক ব্যক্তি থানায় এসে জানান, রাতে তার একটি গরু চুরি হয়েছিল। উপযুক্ত প্রমাণ উপস্থাপন করলে তিনি গরুটি নিয়ে যান।
এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরটিভি/এএএ




