ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মজনুর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার(৭ জানুয়ারি) বাদ জোহর মরহুমের নিজ গ্রাম তিন লাখ পীর মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় এলাকাবাসীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
জানাজায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ কবীর আহমেদ ভূঁইয়া। তিনি বলেন, মোজাম্মেল হক মজনু আজীবন জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী ছিলেন এবং দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তার এই প্রয়াণ পুরো জেলা বিএনপির জন্য এক অপূরণীয় ক্ষতি।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমদ খান এবং সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপনসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা মোজাম্মেল হক মজনুর সততা ও নিষ্ঠার স্মৃতিচারণ করে তার রুহের মাগফিরাত কামনা করেন। জানাজা শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে তাকে শেষ বিদায় জানানো হয়।
আরটিভি/এআর




