ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর থ্রি টন ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে শেরপুর ময়মনসিংহ মহাসড়কের বালিয়া মোড়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান।
পুলিশ জানায়, সকালে সেনাবাহিনী তাদের ক্যাম্প কার্যক্রম সম্পন্ন করে ফুলপুর থেকে ময়মনসিংহ ফেরার পথে বালিয়া মোড়ে শেরপুরগামী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেনাবাহিনীর থ্রি টন ট্রাক ও যাত্রীবাহী বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহত হয় কমপক্ষে ১৫জনের মতো। আহতদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে যাত্রীবাহী বাসের চালক আব্দুল বাসেত (৫০) মারা যান।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশেদুল হাসান বলেন, জেলার ফুলপুরের ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের বালিয়া মোড়ে ঢাকা থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস (খান ট্রাভেল) এর সঙ্গে বিপরীত দিক থেকে আসা আর্মির থ্রি টনের ট্রাকের মুখোমুখি সংঘর্ষে থ্রি টনের ড্রাইভার সার্জেন্ট রেজাউল এবং সেকেন্ড সিটার সার্জেন্ট পার্থ গুরুতর আহত হয়। আহতদের ময়মনসিংহ সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, যাত্রীবাহী বাসের ড্রাইভার আব্দুল বাসেত (৫০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নিহত হয়েছে। আহত ১০ থেকে ১২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে আইনজঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। উক্ত ঘটনায় সড়কে ঘণ্টাখানেক পরিবহন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে।
আরটিভি/এমএ




