গণমাধ্যম যত বেশি স্বাধীন ও দায়িত্বশীল থাকবে, সরকার তত বেশি জবাবদিহিতার মধ্যে থাকবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সোমবার (১৬ মার্চ) বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খালের ২ কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধনের আগে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গণমাধ্যমকে সর্বোচ্চ স্বাধীনতা দেওয়ার কথা বলেছেন। দায়িত্বশীল স্বাধীনতার মাধ্যমে সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
খাল খনন প্রকল্প কোনো ঠিকাদার বা প্রকৌশলীর অর্থ উপার্জনের মাধ্যম হতে পারে না। খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে এবং সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না।
মন্ত্রী আরও বলেন, খালের পানি যাতে কৃষি জমিতে ব্যবহৃত হয়, তা নিশ্চিত করতে হবে ঠিকাদার ও প্রকৌশলীদের।
এ ক্ষেত্রে স্থানীয় জনগণকে খালের পানিপ্রবাহ ঠিকভাবে আছে কিনা, তা তদারকির আহ্বান জানান তিনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সরকারি কাজ আপনাদের উপকারে এলো কিনা, তা জানাবেন। আর যদি উপকারে না আসে, তাহলে আমাকে কাঠগড়ায় দাঁড় করাবেন। এখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকতে দেওয়া হবে না।
এ সময় জহির উদ্দিন স্বপন আরও বলেন, জনগণের মধ্যে আমাদের ভিত্তি রয়েছে বলেই আমরা বিজয়ী হয়েছি। আমরা দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জয় লাভ করেছি।
তিনি বলেন, জনগণের আস্থা যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে তার পরিণতি কী হয়— তা শেখ হাসিনার কাছ থেকেই শিক্ষা নেওয়া যেতে পারে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী গণমাধ্যমকে সর্বোচ্চ স্বাধীনতা দেওয়ার কথা বলেছেন। দায়িত্বশীল স্বাধীনতার মাধ্যমে সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখতে, গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আমাদের মধ্যে কোনো দুরভিসন্ধি নেই। কোনো দ্বৈত চরিত্রও নেই। আমরা একই কথা বলি, একই চিন্তা করি এবং সেই অনুযায়ী কাজ বাস্তবায়ন করি।
সভায় প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস
আরটিভি/এমএ





