ফরিদপুরের মধুখালীতে মাঠে নিজের কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে মো. লুৎফর রহমান (৪৭) নামে সাবেক এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামে কৃষিজমিতে এ ঘটনা ঘটে।
লুৎফর রহমান আড়পাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাইজুর রহমান বলেন, দুপুরে বাড়ির পাশে মাঠের কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে ওই বিএনপি নেতা আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় তার মৃত্যু হয়।
তিনি বলেন, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আরটিভি/এসকে




