ব্রাহ্মণবাড়িয়ায় দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৪০

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ০১:২৯ পিএম


ব্রাহ্মণবাড়িয়ায় দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৪০
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার গোয়ালনগর গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তি আক্তার মিয়া, তিনি রহিম তালুকদার গোষ্ঠীর সদস্য বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গোয়ালনগর উচ্চবিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে বিএনপির সমর্থক জিয়াউর রহমানকে সেনাবাহিনী আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের কারাদণ্ড দেন। এ ঘটনার জন্য একই গ্রামের কাসেম মিয়ার গোষ্ঠীর সদস্য শিশু মিয়াকে দায়ী করে তার প্রতি ক্ষোভ পোষণ করেন জিয়াউর রহমান।

বিজ্ঞাপন

সম্প্রতি জিয়াউর রহমান শিশু মিয়াকে আটক করে মারধর করেন এবং তার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরপর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

মঙ্গলবার সকালে সেই উত্তেজনা চরমে পৌঁছালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র টেঁটা ও বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আক্তার মিয়ার মৃত্যু হয় এবং উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

জেলার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ববিরোধের জেরেই এই সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission