জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে আজ শনিবার (১১ এপ্রিল) দেশের বেশ কিছু এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের এই তথ্য জানিয়েছেন।
সিলেটের ওসমানী বিমানবন্দর এলাকা এবং নাটোরের চৌকিরপাড় ফিডারের আওতাধীন এলাকাগুলোতে মূলত এই লোডশেড কার্যকর করা হবে। কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সংযোগ চালু হতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সিলেট বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ জানিয়েছে, লাক্কাতুয়রা স্টেডিয়াম উপকেন্দ্রের অধীনে তিনটি ফিডারের আওতাভুক্ত এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
বিদ্যুৎহীন এলাকার তালিকায় রয়েছে- ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, সিলেট ক্লাব, পর্যটন এবং এডভেঞ্চার ওয়ার্ল্ড, কাকুয়ারপাড়, ফরিদাবাদ হাউজিং, আবাদানি, বড়শালা বাজার (আংশিক), সিলভার সিটি এবং ফরিদাবাদ, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগঞ্জ, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া ও দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীররগাঁও, ছালিয়া, রঙ্গটিলা এবং সালুটিকর ঘাট।
এদিকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে নাটোরে নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতায় লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সংস্কার কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চৌকিরপাড় ফিডার এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যেই এই রক্ষণাবেক্ষণ জরুরি। সাময়িক এই অসুবিধার জন্য বিউবো এবং নেসকো উভয় কর্তৃপক্ষই গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। এলাকাগুলোর বাসিন্দাদের প্রয়োজনীয় গৃহস্থালি কাজ আগেভাগেই সেরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
আরটিভি/এআর




