নিজের ছেলেসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করার পর তিনতলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে মারা গেছেন এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য।
সোমবার (১৩ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার পেশকার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ওই সাবেক পুলিশ সদস্যের নাম নাছির আহমদ (৫৫)।
আহতরা হলেন নাছির আহমদের ছেলে ইমরান (২১), ওই বাড়ির বাসিন্দা গোলাম রহমানের ছেলে মিজানুর রহমান এবং আবদুল মান্নানের ছেলে নাছির আহমদ। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে হঠাৎ নিজের ঘুমন্ত ছেলে কলেজছাত্র ইমরানকে কুপিয়ে আহত করে বাসা থেকে বের হয়ে আসেন নাছির। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি তাদের ওপরও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এতে আরও দুজন গুরুতর আহত হন।
ঘটনার একপর্যায়ে নাছির আহমদ তিনতলা ভবনের ছাদে উঠে নিচে ঝাঁপ দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. আরমান জানান, আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে সাবেক কনস্টেবল নাছির চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত অন্যদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, নিহত নাছির আহমদ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামের বাসিন্দা। তিনি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। প্রায় এক বছর আগে তিনি চাকরি থেকে অবসরে যান। পেশকার বাড়ির ওই তিনতলা ভবনে তিনি একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অভিযুক্ত সাবেক পুলিশ সদস্য এক বছর আগে অবসরে যান এবং তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আরটিভি/এসআর



