গাজীপুরের কালিয়াকৈরে শফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত ও শ্বাস রোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। জানা গেছে, স্ত্রীকে কারখানা থেকে আনতে বাসা থেকে বের হন তিনি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানার বিপরীত পাশের ঝোপ থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শফিকুল বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রামের নবাব আলীর ছেলে এবং ইবনে সিনা ফার্মাসিউটিক্যালে প্রোডাকশন অ্যাটেনডেন্স হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, শফিকুল সফিপুর আনসার ভিডিপি একাডেমির ৩ নম্বর গেটসংলগ্ন এলাকায় বসবাস করতেন। বুধবার (১৫ এপ্রিল) রাত ১০টায় স্ত্রীকে কারখানা থেকে আনতে বাসা থেকে বের হন তিনি। এর পর থেকে তার খোঁজ মিলছিল না। কারখানা ছুটি শেষে স্বামীকে না পেয়ে একাই বাসায় ফেরেন স্ত্রী। সারা রাত শফিকুলকে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি।
আজ সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানার উল্টো পাশে আনসার একাডেমি লেকের পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় কয়েকজন। পুলিশ সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ফেসবুকে এ খবর ছড়িয়ে পড়লে শফিকুলের স্বজন ও সহকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের পরিচয় শনাক্ত করেন।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে গতকাল রাতের কোনো এক সময়ে তাঁকে হত্যার পর মরদেহ ফেলে গেছে দুর্বৃত্তরা।
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানার সহকারী ব্যবস্থাপনা পরিচালক রুকুনউদ্দিন খান জানান, গতকাল রাত সাড়ে আটটার দিকে শফিকুল কারখানায় ডিউটি শেষে বাড়িতে ফিরে যায়। সকালে আমরা তার মৃত্যুর খবর পেয়ে থানায় এসে পরিচয় শনাক্ত করি।
মরদেহে একাধিক আঘাতে চিহ্ন আছে বলে জানান কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরটিভি/টিআর




