ইয়াবা পাচারে ঢাল হিসেবে শিশুকে ব্যবহার, গ্রেপ্তার দুই নারী

আরটিভি নিউজ 

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ০৩:৩২ পিএম


ইয়াবা পাচারে ঢাল হিসেবে শিশুকে ব্যবহার, গ্রেপ্তার দুই নারী
ছবি : সংগৃহীত

নোয়াখালীতে ১৫ মাস বয়সী শিশুকে ব্যবহার করে ইয়াবা পাচারের অভিযোগে কক্সবাজারের দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), র‍্যাব ও ডিবির যৌথ টিম।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সুধারামে মেসার্স আবদুল হক ফিলিং স্টেশন সংলগ্ন নোয়াখালী-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই নারীর নাম তানিয়া আক্তার (৩৩) ও জুলেখা (২২)। তারা কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মানিকপুর ও পশ্চিম গজালিয়া এলাকার বাসিন্দা।

অভিযানে তাদের কাছ থেকে মোট ৩ হাজার ৭১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে তানিয়ার কাছে পাওয়া যায় ২ হাজার পিস এবং জুলেখার কাছে পাওয়া যায় ১ হাজার ৭১৫ পিস। এছাড়া, একটি বাটন মোবাইল ও একটি স্মার্টফোনও জব্দ করা হয় তাদের কাছ থেকে।

আরও পড়ুন

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তানিয়া ও জুলেখাকে অনুসরণ করে নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ, জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), র‍্যাব-৭, সিপিসি-১ সদস্যরা। পরে মাইজদী এলাকায় তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিজেদের পেশাদার ইয়াবা পাচারকারী হিসেবে স্বীকার করেছেন। সেইসঙ্গে ওই দুই নারী জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতেই মূলত পাচারের সময় ১৫ মাস বয়সী শিশুকে সঙ্গে রাখত তারা। এর আগেও একইভাবে তারা একাধিকবার নোয়াখালীতে ইয়াবা পাচার করেছেন। প্রতি চালানে তারা ৩০ থেকে ৪০ হাজার টাকা পারিশ্রমিক পেতেন বলে স্বীকার করেছেন।

এ ঘটনায় ইতোমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, এ ধরনের অপরাধ অত্যন্ত উদ্বেগজনক। একটি নিষ্পাপ শিশুকে মাদক পাচারের ঢাল হিসেবে ব্যবহার করা শুধু আইনগতভাবে গুরুতর অপরাধই নয়, মানবিক দৃষ্টিকোণ থেকেও গভীরভাবে অমানবিক।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত এই সফল অভিযান প্রমাণ করে যে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তারা দৃঢ়প্রতিজ্ঞ। আশা করা যায়, এমন কঠোর পদক্ষেপ অব্যাহত থাকলে সমাজ থেকে মাদক ব্যবসা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং ভবিষ্যৎ প্রজন্ম আরও নিরাপদ থাকবে।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission