নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় তেলবাহী গাড়ি ডাকাতির ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের পুলিশি সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকা থেকে ডাকাতি হওয়া একটি তেলবাহী গাড়ির তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট সার্কেলের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন কাদের।
সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতায় রবিবার দুপুরে যৌথভাবে এ অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। তবে, অভিযানকালে ঘটনাস্থল থেকে ৫ আগস্ট পুলিশের কাছ থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় মো. আজিজুল (তেল ব্যবসায়ী), পিতা নুর মোহাম্মদ, সাং হামছাদি গ্রামের বাসিন্দাকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আরটিভি/এমএম




