চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে ট্রাকের ধাক্কায় আবির (১২) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আবিরের সঙ্গে থাকা বাইসাইকেলের আরেক আরোহী আবু তালহা (১৩) গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবির চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শাহীবাগ মহল্লার সুজন আলীর ছেলে।
অন্যদিকে, আহত আবু তালহা একই মহল্লার পলাশ আলীর ছেলে। তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন রাত ৮টার দিকে ঘাতক ট্রাকটি বাইসাইকেল আরোহী দুইজনকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই আবির মারা যায়, গুরুতর আহত অবস্থায় আবিরের বন্ধু আবু তালহাকে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে ওই সড়কে স্থানীয়রা অবস্থান নিলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আবিরের মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে, পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।
আরটিভি/এমএম




