নড়াইলের কালিয়া উপজেলায় কুকুরের লড়াই থামাতে গিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের চর বল্যাহাটী গ্রামের মোল্যা বাড়ি সংলগ্ন প্রধান সড়কের পাশে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— মোসা. তানিয়া বেগম (২৩), মো. ইমরান মোল্যা (৩৫) ও শাহ আলম মোল্যা (২০)। তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মোসা. শিউলি বেগম (২২) ও আসমা বেগম (১৮) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, মো. বোরহান মোল্যার বাড়ির সামনে কয়েকটি দেশীয় কুকুর নিজেদের মধ্যে লড়াই করছিল। এ সময় বোরহান মোল্যা কুকুরগুলোকে তাড়িয়ে দিলে সেগুলো পাশের একটি পাটক্ষেতে ঢুকে পড়ে। পরে পাটক্ষেতের মালিক মো. রমজান মোল্যা ঘটনাস্থলে এসে বিষয়টি নিয়ে বোরহান মোল্যার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।
আরটিভি/এমএইচজে




