সেতু না থাকায় ১০ হাজার মানুষের দুর্ভোগ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ০২:৪৩ পিএম


সেতু না থাকায় ১০ হাজার মানুষের দুর্ভোগ
নদীর ওপারে স্কুলে যাওয়ার অপেক্ষায় শিক্ষার্থীরা : ছবি আরটিভি

ফরিদপুরের সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ নদী ওপর একটি সেতুর অভাবে চরাঞ্চলের দুই ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন নৌকা কিংবা ট্রলারে করে ঝুঁকি নিয়ে খরস্রোত নদ পাড়ি দিতে হয় ব্যবসায়ী, শিক্ষার্থী, নারী-পুরুষসহ হাজারো মানুষকে। 

এতে একদিকে যেমন বাড়তি ভাড়া গুনতে হচ্ছে, অন্যদিকে নষ্ট হচ্ছে মূল্যবান সময়। তবে, সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী ও কৃষকরা। 

সদরপুর উপজেলার চরমানাইর ও চরনাসিরপুর ইউনিয়নের বাসিন্দাদের উপজেলা সদরে আসতে দরগাবাজার ও শিমুলতলী ঘাট হয়ে আড়িয়াল খাঁ নদী পাড়ি দিতে হয়। নদীর ওপারের হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন জরুরি সেবায় যেতে গিয়ে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চরের হাজারো মানুষকে।

আরও পড়ুন

চারদিকে উন্নয়নের ছোঁয়া লাগলেও এই দুই ইউনিয়নের মানুষ এখনও অবহেলিত। সেতু নির্মাণ হলে বদলে যেতে পারে এই এলাকার জীবনযাত্রার মান। শিক্ষার্থীরা সহজে স্কুল-কলেজে যাতায়াত করতে পারবে এবং কৃষকরা তাদের উৎপাদিত পণ্য কম খরচে দ্রুত বাজারজাত করতে পারবে। একই সঙ্গে স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা ও ফায়ার সার্ভিসসহ জরুরি সেবাগুলোও সহজলভ্য হবে। 

স্থানীয়দের একটাই দাবি—আড়িয়াল খাঁ নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক।

বর্তমানে সেতু না থাকায় উপজেলা থেকে কার্যত বিচ্ছিন্ন এই এলাকাগুলোতে মাদক, জুয়া ও চুরি-ডাকাতির মতো অপরাধও বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

এদিকে, সেতুটি নির্মাণ হলে সদরপুর উপজেলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। পাশাপাশি এই সড়ক ব্যবহার করে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাতায়াতেও সময় কমে আসবে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। জনপ্রতিনিধিদের আশ্বাসে সীমাবদ্ধ থাকছে তাদের প্রত্যাশা।

চরনাসিরপুর ইউনিয়নের চেয়ারম্যান রোকন মোল্যা বলেন, সেতু নির্মাণের বিষয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল আমাদের আশ্বস্ত করেছেন। ইতোমধ্যে চীনের একটি প্রতিনিধি দল সম্ভাব্য স্থান পরিদর্শন করেছে এবং ইতিবাচক মতামত দিয়েছে। আমরা আশাবাদী, দ্রুতই কাজ শুরু হবে।

সদরপুর উপজেলা প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বলেন, ব্রিজ নির্মাণের বিষয়ে আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আশা করি এ বিষয়ে কর্তৃপক্ষ পদক্ষেপ কার্যকরি পদক্ষেপ নেবেন।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission