‘সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা জজ আদালত চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা জজ আদালত চত্বরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা. শামীম কবিরসহ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা আইনগত সহায়তার গুরুত্ব তুলে ধরে বলেন, বিরোধ হলেই মামলা নয়, লিগ্যাল এইডের মাধ্যমে অনেক সমস্যার সমাধান সম্ভব।
দিবসটি ঘিরে জেলা জজ আদালত চত্বরে জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত হয়। মেলার মাধ্যমে আইনগত সহায়তা, পুলিশের ডিজিটাল নাগরিক সেবা, সহিংসতার শিকার নারী ও শিশুদের আইনগত সহায়তা এবং গ্রাম আদালতের মাধ্যমে আইনগত সহায়তা বিষয়ে পরামর্শের জন্য ৭টি স্টল প্রদর্শন করা হয়।
আরটিভি/টিআর




