পাবনার সাঁথিয়ায় স্থানীয় বিভিন্ন সংকটের কারণে এক দশকেও সম্পন্ন হয়নি এলাকাবাসীর অর্থায়নে শুরু হওয়া ভিটাপাড়া কবরস্থান সংলগ্ন ব্রিজের নির্মাণকাজ। ব্রিজের অভাবে সুতিখালী নদীর ওপারে অবস্থিত কবরস্থানে মরদেহ দাফন ও কৃষিপণ্য পরিবহনসহ বিভিন্ন সমস্যায় ভুগছে সাধারণ মানুষ। জনদুর্ভোগ লাঘবে অতিদ্রুত অর্ধনির্মিত ব্রিজটির কাজ সম্পন্ন করা অথবা নতুন ব্রিজ নির্মাণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
জানা গেছে, উপজেলার নাগডেমরা ইউনিয়নাধীন ভিটাপাড়া গ্রামের একমাত্র কবরস্থান ও বেশিরভাগ আবাদি জমি সুতিখালী নদীর উত্তর পাশে অবস্থিত। নদীর ওপর কোনো ব্রিজ না থাকায় দক্ষিণপাড়া এলাকায় কেউ মৃত্যুবরণ করলে মরদেহ দাফনে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। এছাড়া কৃষিপণ্য পরিবহনেও পোহাতে হয় বাড়তি ঝামেলা। এসব সমস্যা থেকে পরিত্রাণের লক্ষ্যে নাগডেমড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সরোয়ার হোসেনের উদ্যোগে এলাকাবাসীর কাছ থেকে চাঁদা তুলে ব্রিজের নির্মাণকাজ শুরু করা হয়। তবে অভিযোগ উঠেছে, সাবেক মেম্বারের একক ও অপরিকল্পিত সিদ্ধান্ত এবং অর্থ তছরুপের কারণে এলাকাবাসী চাঁদা দেওয়া বন্ধ করে দেয়। ফলে থমকে যায় ব্রিজটির নির্মাণকাজ।
ভিটাপাড়া এলাকার বাসিন্দা মোয়াজ্জেম হোসেন (৫০) বলেন, আমাদের গ্রামের একমাত্র সমাধিস্থল নদীর ওপারে। ব্রিজের অভাবে নৌকায় করে মরদেহ দাফন করতে নিতে হয়। নদীতে যখন পানি কম থাকে তখন বিড়ম্বনা আরও বেড়ে যায়; অনেক সময় ভিজে বা কাদা মাড়িয়ে মরদেহ নিতে হয়। আমাদের একটি ব্রিজ খুবই প্রয়োজন।
ভিটাপাড়া গ্রামের বাসিন্দা দুদু প্রামাণিক বলেন, সুতিখালী নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ হলে মরদেহ দাফন ও কৃষিকাজে ব্যাপক অগ্রগতি হবে এবং দুই এলাকার মানুষের যোগাযোগ সহজ হবে।
ভিটাপাড়া দক্ষিণপাড়া এলাকার গৃহবধূ সখিনা খাতুন (৩২)বলেন, আমাদের এলাকার বেশির ভাগ মানুষ কৃষক এবং তাদের কৃষি জমি নদীর ওপার। রাস্তা ও ব্রিজ না থাকায় জমিতে যাতায়াত ও কৃষি ফসল পরিবহনে প্রচুর দুর্ভোগ পোহাতে হয়।
নাগডেমড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (১৯৯১-৯৬) সরোয়ার হোসেন বলেন, এলাকাবাসীর দুঃখ লাঘবের উদ্দেশ্যে এক দশক পূর্বে জনগণকে সাথে নিয়ে ব্রিজ নির্মাণ শুরু করেছিলাম। কিন্তু বিভিন্ন সংকটের কারণে নির্মাণ কাজ শেষ করতে পারিনি। একটি ব্রিজের অভাবে এলাকাবাসী বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্রিজটির অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার জন্য আমি সরকারের নিকট অনুরোধ করব।
নাগডেমড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ হাফিজুর রহমান বলেন, একটি ব্রিজের অভাবে ভিটাপাড়া দক্ষিণপাড়ার লোকজন মরদেহ দাফন করাসহ বিভিন্ন কাজে ব্যাপক কষ্টের সম্মুখীন হচ্ছে। নাগডেমড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাবনা-১ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকে অনুরোধ করব ধর্মীয় ও মানবিক দিক বিবেচনায় অর্ধনির্মিত ব্রিজটি সম্পন্ন অথবা নতুন ব্রিজ নির্মাণের জন্য।
সাঁথিয়া উপজেলা প্রকৌশলী মো. জহুরুল ইসলাম বলেন, ভিটাপাড়া -চয়ড়া সড়কের প্বার্শসড়ক ভিটাপাড়া কবরস্থানসংলগ্ন স্থানে সুতিখালী নদীর উপর এলাকাবাসী তাদের উদ্যোগ ও অর্থায়নে একটি ব্রিজ নির্মাণ কাজ শুরু করে। তবে আর্থিক ও স্থানীয় বিভিন্ন সংকটের কারণে ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন করতে পারেনি। যেহেতু সড়কটি এলজিইডির ইনভেনটরিতে আইডিভুক্ত (তালিকাভুক্ত) নয়। আমরা রাস্তাটি এলজিইডির ইনভেন্টরিতে আইডিভুক্ত করতে আবেদন করেছি, আইডিভুক্ত হলে এলজিইডি অধিদপ্তরের পক্ষ থেকে ব্রিজটি নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএইচজে




