কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ৪

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ০২:৪০ পিএম


কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪
ছবি: আরটিভি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক–মাইক্রোবাস সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজন হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুড়িগ্রাম–ভূরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের আসাদমোড় এলাকার শামীম হোসেন (৩২) ও তার মেয়ে ছাদিয়া, জাহিদুল ইসলামের ছেলে নুরনবী (২৮) এবং সাইফুর রহমানের ছেলে লিমন (৩০)। তাদের মধ্যে লিমন পেশায় মাইক্রোবাসচালক বলে জানা গেছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে গ্রামের বাড়িতে লাশ পৌঁছালে কান্নার রোল পড়ে যায়। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারগুলোতে চলছে শোকের মাতম।

শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে রংপুর থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। পরে গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। ভোরে শামীম হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে উত্তরছাট গোপালপুর গ্রামের ইউসুফ আলী বাবু (৪০), তাইমুন নাহার (৩৮), ধলডাঙ্গা গ্রামের হামিদুল ইসলাম (২৪), জবা (৪০), মুন (৮), শান্তা (২০), মনির হোসেন (৪০), শিউলী বেগম (৩৫), সিফাত (১২) ও ছামির আলী (৬৫) রয়েছেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামান জানান, এ দুর্ঘটনায় সর্বশেষ রংপুরে নেওয়ার পথে শামীম নামের আরেকজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত চারজনের নিহত হওয়ার তথ্য রয়েছে আমাদের কাছে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission