রাজশাহীতে অ্যালকোহলের বিষক্রিয়ায় জাহিদ হোসেন (২০) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত জাহিদ হোসেন রাজশাহীর তানোর উপজেলার বাতাসপুর গ্রামের বাসিন্দা এবং নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
সহপাঠীরা জানান, নগরীর বোয়ালিয়া থানার বেতপট্টি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন জাহিদ। কোনো একসময় তিনি অ্যালকোহল জাতীয় পানীয় সেবন করেন। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মুখপত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, ধারণা করা হচ্ছে ওই শিক্ষার্থীর অ্যালকোহলের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। যখন তাকে হাসাপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় তখন তার অবস্থা খুবই খারাপ ছিল।
তিনি আরও বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ পরিবারকে বুঝিয়ে দেবে।
আরটিভি/এমএইচজে




