মাত্র এক দিনের মাথায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গুরমার হাওরের একটি অংশ জিনারিয়ার হাওরের বাঁধ ভেঙে তীব্র বেগে হাওরে পানি ঢুকছে বলে জানা গেছে।
পাহাড়ি ঢলের কারণে বৌলাই নদীর পানির চাপে বুধবার (২৯ এপ্রিল) সকালে মধ্যনগর উপজেলার চামারদানী ইউনিয়নের মোকশেদপুর গ্রামের পূর্ব দিকে জিনারিয়া হাওরের এই বাঁধটি ভেঙে যায়।
স্থানীয়দের দাবি, বাঁধ ভেঙে পানি ঢুকে যাওয়ায় এই হাওরের প্রায় ১০ হেক্টর জমি পানিতে তলিয়ে যাওয়ার হুমকিতে পড়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বলেন, শুনেছি বৌলাই নদীর পাড়ের একটি ছোট বাঁধ ভেঙেছে। তবে এটি হাওরের বোরো ফসলরক্ষা কোন বাঁধ নয়।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় ঘোষ জানান, এই হাওরে মাত্র ২৬ হেক্টর জমি চাষাবাদ হয়। ইতোমধ্যে ১৫ হেক্টর কাটা হয়ে গেছে। কিছু জমি উঁচু আছে, ৬ হেক্টর পানিতে নিমজ্জিত হতে পারে।
স্থানীয়রা জানান, গুরমার হাওরের একটি অংশ জিনারিয়া হাওরে চামরদানী ইউনিয়নের মোকশেদপুর, দরাপপুর, আছানপুর ও হরিপুর গ্রামের কৃষকদের ২৬ হেক্টরের বেশি জমি রয়েছে। হাওরের অর্ধেক জমির ধান কাটলেও অর্ধেক জমির ধান কাটা বাকী রয়েছে।
এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সুমেশ্বরী নদীর শাখা নদী মনাই নদীর পানির চাপে মধ্যনগর উপজেলার ইকরছড়ি (এরনবিল) হাওরের জামখলা খালের বাঁধ ভেঙে প্রায় ৫০ হেক্টর বোরো জমির ফসল পানিতে তলিয়ে গেছে।
আরটিভি/এমএইচজে




