নড়াইলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টার দিকে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার শুরু হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। বালক ও বালিকা উভয় বিভাগের খুদে ফুটবলারদের অংশগ্রহণে এ সময় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে তাদের নৈপুণ্য প্রদর্শন করে।
দিনভর মাঠের লড়াই শেষে বিকাল ৫টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টুর্নামেন্টে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম। বিশেষ অতিথি ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার নুরই আলম সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই খুদে ফুটবলাররাই আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করবে। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিরা।
আরটিভি/এমএইচজে



