সিরাজগঞ্জে আটাশ বছর বয়সী দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে।
বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে তাড়াশ সদর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ধর্ষণের অভিযুক্ত ব্যক্তি হলেন—শ্রীকৃষ্ণপুর গ্রামের আজম আলী ওরফে কালার ছেলে বেল্লাল হোসেন (৩৫)।
বিষয়টি তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীকৃষ্ণপুর গ্রামের আটাশ বছর বয়সী দুই সন্তানের জননী ও স্বামী পরিত্যক্তা ওই নারী বাবার বাড়িতে বসবাস করছিলেন। ঘটনার দিন সকালে ওই নারীর দরিদ্র বাবা-মা এবং অটোরিকশাচালক এক ভাই কাজের জন্য বাড়ির বাইরে চলে যান। এ কারণে তিনি বাড়িতে একাই অবস্থান করছিলেন।
দুপুরের দিকে এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হলে এ সময় হঠাৎ করে ওই নারীর প্রতিবেশী বেল্লাল হোসেন তার ঘরে ঢুকে পড়েন। একপর্যায়ে তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে চলে যান।
এদিকে দুপুরে ধর্ষিতার স্বজনরা বাড়িতে ফিরে এলে তিনি বিষয়টি তাদের জানান। পরে স্বজনরা বিষয়টি গ্রামের প্রধানদের অবহিত করেন। গ্রাম্য প্রধানরা আইনের আশ্রয় নিতে তাদের তাড়াশ থানায় যেতে পরামর্শ দেন।
পরে ধর্ষিতার মা বেল্লাল হোসেনকে অভিযুক্ত করে তাড়াশ থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন।
এ প্রসঙ্গে বৃহস্পতিবার বিকেলে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, বাদীর অভিযোগ আমলে নিয়ে একটি ধর্ষণ মামলা রেকর্ডের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা দ্রুত নেওয়া হবে।
আরটিভি/টিআর




