সাংবাদিকের বাসায় হামলা, গ্রেপ্তার দাবি

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০১ মে ২০২৬ , ১১:১৯ এএম


সাংবাদিকের বাসায় হামলা, গ্রেপ্তার দাবি
মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী : ছবি আরটিভি

মানিকগঞ্জের শিবালয়ে কালের কণ্ঠের সাংবাদিক মারুফ হোসেনের বাসায় হামলার ঘটনায় অভিযুক্ত মাদক কারবারি আল আমিনের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার তেওতা ইউনিয়নের ষাইটঘর এলাকায় আরিচা-জাফরগঞ্জ সড়কে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং এলাকায় মাদকবিরোধী কার্যক্রম জোরদারের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তেওতা এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি একটি কবরস্থানে মাদকের জমজমাট বেচাকেনার চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন কালের কণ্ঠের মানিকগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি মারুফ হোসেন। এর জেরে অভিযুক্ত মাদক কারবারি আল আমিন তার বাসায় হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন

তেওতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, এলাকায় হাত বাড়ালেই মাদক পাওয়া যায়। এ বিষয়ে সচেতনতা তৈরি করায় একজন সাংবাদিকের বাসায় হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। আমরা দ্রুত আল আমিনের গ্রেপ্তার ও কঠোর শাস্তি দাবি করছি।

এ সময় তিনি আরও বলেন, স্থানীয় সংসদ সদস্য এসএ জিন্নাহ কবিরের নির্দেশে মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না এবং এ বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হবে।

মানববন্ধনে সংহতি জানিয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, মাদকের বিষয়ে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। সাংবাদিকের বাসায় হামলার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। কেউ মাদকের তথ্য জানলে আমাদের সহযোগিতা করুন।

মানববন্ধনে তেওতা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজেদ, শিবালয় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুরুজ, বিএনপি নেতা সফি বিশ্বাস, স্থানীয় শাহিনুর রহমান শাহিন, ইমাম হায়দার মুন্সী, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য দেলোয়ার মেম্বার, যুবদল নেতা অনিক মাহমুদ কুদরতসহ অনেকে বক্তব্য রাখেন।

উল্লেখ্য: গত সোমবার দুপুরে একটি কবরস্থানে মাদকের বেচাকেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন সাংবাদিক মারুফ হোসেন। পোস্টে কারও নাম উল্লেখ না থাকলেও সেদিন রাতেই স্থানীয়ভাবে চিহ্নিত মাদক কারবারি আল আমিন তার বাসায় হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় পরদিন নিজের নিরাপত্তা চেয়ে শিবালয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission