চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর অতর্কিত হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১ মে) দিবাগত রাত পর্যন্ত সাঁড়াশি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহরের আরামবাগ মহল্লার বাসিন্দা মো. মুসা (১৯), আব্দুল আলিম (২৬) ও মো. রিফাত (২৫)।
এর আগে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে শহরের বাতেন খাঁ মোড়ে একটি চায়ের দোকানে হামলার শিকার হন আমার দেশ–এর জেলা প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভি–এর জেলা প্রতিনিধি তারেক আজিজ। প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ থেকে ১২ জনের একটি দল অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের মধ্যে কয়েকজন দুই সাংবাদিককে রাস্তায় ফেলে চায়ের ভাঙা কাপ দিয়ে বেধড়ক মারধর করে।
ঘটনার পরপরই সাংবাদিক তারেক রহমান বাদী হয়ে সদর থানায় মামলা করেন। এতে স্থানীয় রাব্বি ও সোহেলের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চায়ের দোকানে বসা ও তাকানোকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। হামলাকারীরা নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, মামলার প্রধান আসামি রাব্বির বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
এদিকে ঘটনার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেন। স্থানীয় সাংবাদিক মহল, সচেতন নাগরিক সমাজ এবং জেলা জামায়াত এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে।
আরটিভি/এমএ




