চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে মারধর

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, আরটিভি নিউজ

শুক্রবার, ০১ মে ২০২৬ , ০২:২৬ পিএম


চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে মারধর
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে দায়িত্ব পালনরত দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়ে তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে শহরের বাতেন খাঁ মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিকরা হলেন—চ্যানেল ওয়ান ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা গেছে, রাতের দিকে বাতেন খাঁ মোড়ে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন তারা। এ সময় স্থানীয় কয়েকজন যুবক ও নিমতলা এলাকার রাব্বি মিলে আশপাশের লোকজনকে অশ্রাব্য ভাষায় গালাগাল করছিল। এতে আপত্তি জানালে প্রথমে তারেক আজিজের ওপর হামলা চালানো হয়। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে গেলে তারেক রহমানকেও বেধড়ক মারধর করা হয়।

পরবর্তীতে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত দুই সাংবাদিককে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন।

আহত সাংবাদিক তারেক আজিজ জানান, অফিস শেষে আমরা চায়ের দোকানে বসেছিলাম। হঠাৎ কিছু যুবক স্থানীয়দের গালাগাল শুরু করে। আমরা প্রতিবাদ করলে তারা আমাদের ওপর হামলা চালায়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনা সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission