এক সকালেই সড়কে ঝরল ১১ প্রাণ

আরটিভি নিউজ

রোববার, ০৩ মে ২০২৬ , ১২:৫৩ পিএম


এক সকালেই তিন জেলার সড়কে ঝরল ১১ প্রাণ
প্রতীকী ছবি

এক সকালেই দেশের তিন জেলার সড়কে ঝরে গেল নারী ও শিশুসহ ১১ জনের প্রাণ। এর মধ্যে মাত্র আধা ঘণ্টার ব্যবধানেই সিলেট ও চাঁপাইনবাবগঞ্জে দুই দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে ১০ জনের। এছাড়া, কুমিল্লায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেছে এক শিশুর। 

রোববার (৩ মে) সকালে অল্প সময়ের ব্যবধানে ঘটে গেছে মর্মান্তিক এসব দুর্ঘটনা।

এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা সিলেটে। জেলার দক্ষিণ সুরমায় উপজেলায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৮ জন। 

রোববার (৩ মে) ভোর ৬টার দিকে মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই নির্মাণ শ্রমিক ছিলেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত খরম আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার শেষস্তি গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫), সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার সুজাত আলীর ছেলে মো. বদরুল (৩০) এবং দিরাই উপজেলার নুরনগর এলাকার মৃত নূর সালামের ছেলে মো. ফরিদুল (৩৫)। অন্য ৪ জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। তারা হলেন, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের রফিক মিয়ার ছেলে মো. আলমগীর (৩২), সিলেট নগরের কালিবাড়ি এলাকার মৃত শুকুর উল্লাহর ছেলে তোরাব উল্লাহ (৬০), আম্বরখানার লোহারপাড়ার মৃত আলিম উদ্দিনের ছেলে রামিন (৪০) ও একই এলাকার মল্লিক মিয়ার ছেলে আফরোজ মিয়া (৪০), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা গ্রামের খোকন মিয়ার মেয়ে রাভু আক্তার (২৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাউমারা গ্রামের বদরুজ্জামানের মেয়ে হাফিজা বেগম (৩০) এবং দিরাই উপজেলার ভাটিপাড়ার জফুর আলীর ছেলে রাজা মিয়া (৪৫)।

আরও পড়ুন

সিলেটের এ দুর্ঘটনার মাত্র আধা ঘণ্টা আগে আরেকটি দুর্ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জে। সকাল সাড়ে ৫টার দিকে জেলার নাচোলে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেলের দুই আরোহী। 

নাচোল-আড্ডা সড়কের বেনীপুর-এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম জিসান (৩৫) ও সোহান (১৫) বলে জানা গেছে। এর মধ্যে জিসান জেলার শিবগঞ্জ উপজেলা এবং সোহান নাচোলের ভোলামোড় এলাকার বাসিন্দা। 

নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ জানান, মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেইসঙ্গে ঘাতক ট্রাকটিকেও জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব‍্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একই সকালে আরেকটি দুর্ঘটনা ঘটেছে কুমিল্লায়। জেলার দেবিদ্বার পৌরসভার বানিয়াপাড়া এলাকায় বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ হারিয়েছে মো. খালিদ হোসেন (৮) নামে এক শিশু। দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission